১১ অক্টোবর ২০২৩, ১৬:৪২

বিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১২ শিক্ষার্থী

  © সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের শ্রেণি কক্ষের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টির এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে এখনও অচেতন আছে পাঁচ শিক্ষার্থী।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

আরও পড়ুন: দ্বিতীয় দিনে শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি, বন্ধ ক্লাস-পরীক্ষা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এসময় এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও পাঁচ জনের জ্ঞান ফেরেনি। 

স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি জানান, দুপুর একটা পর্যন্ত ওই পাঁচ শিশুদের জ্ঞান ফেরেনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠিয়েছি। ৯ শিশুকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।