০৬ অক্টোবর ২০২৩, ২৩:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে ঘরবড়ি লণ্ডভণ্ড

টর্টেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে কমপক্ষে ২০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গাছ উপড়ে যায়।  তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সারাদেশের মত এখানেও সকাল থেকেই ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে। তবে বিকেলে হঠাৎ মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মূহুর্তেই এলাকার অন্তত ২০টি টিনশেড কাঁচা ঘরে আঘাত করে। আঘাতের ফলে ৭-৮ টি বসতঘরসহ অন্তত ১২টি বিভিন্ন ধরণের দোকানপাট লণ্ডভণ্ড হয়ে যায়। এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন: শনিবার বৃষ্টি হবে কি না— জানাল আবহাওয়া অধিদপ্তর

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।