০৬ অক্টোবর ২০২৩, ১৪:৫৩

পানির নিচে রেললাইন, কিশোরগঞ্জ-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

  © সংগৃহীত

টানা বৃষ্টিতে তলিয়ে গে‌ছে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটের এক কিলোমিটার রেললাইন। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, সকাল ৭টার দিকে কিশোরগঞ্জে স্টেশন পার হওয়ার পর ট্রেন‌টি আটকা প‌ড়েছে। পা‌নি কমার পর ট্রেন চলাচল শুরু হ‌বে।

জানা যায়, গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ সদর উপজেলার কানিকাটা এলাকায় প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে কিশোরগঞ্জ শহরের আজিমউদ্দিন স্কুলের সামনে আটকা পড়ে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস। এতেই কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

যাত্রীরা জানান, সকাল ৭টায় কিশোরগঞ্জ স্টেশন পার হয়ে আটকে পড়েছি। ৯টার দিকে ময়মনসিংহ পৌঁছার কথা থাকলেও পানিতে রেললাইন লাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ আছে। কখন গন্তব্যে যেতে পারব, জানি না।