ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৩০৮
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩০৮ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৩৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৫৮ হাজার ২১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৭৮৭ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ৮৩৭ জন। ঢাকায় ৫৩ হাজার ৭৬৬ এবং ঢাকার বাইরে ৬১ হাজার ৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।