২৮ আগস্ট ২০২৩, ১৮:৫০

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান ইউজিসি’র

কর্মশালা  © সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। সোমবার (২৮ আগস্ট) ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মোতাবেক সম্পাদিত কাজের মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালায় তিনি এ কথা বলেন৷ 

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ মানবসম্পদ ও ইন্ডাস্ট্রির উপযোগী পাঠদানের পদ্ধতি ও কারিকুলাম হালনাগাদ করতে হবে। এছাড়া, নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনের গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির সহকারী পরিচালক ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের বিকল্প ফোকাল পয়েন্ট প্রবীর চন্দ্র।

অনুষ্ঠানে ফেরদৌস জামান বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। 

প্রশিক্ষণে উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য ও  ৪৬টি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মম্পাদন চুক্তি (এপিএ) এর উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের  ফোকাল পয়েন্ট অংশগ্রহণ করেন। কর্মশালায় কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।