০৫ আগস্ট ২০২৩, ১৭:২৯

লরি উল্টে চাপা পড়লো প্রাইভেট কারে, অলৌকিকভাবে বাঁচল ৪ যাত্রী

  © সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে চলন্ত লরি উল্টে একটি প্রাইভেট কার চাপা পড়ার ঘটনা ঘটেছে। এসময় প্রাইভেট কারে থাকা শিশুসহ চার যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচেছেন। আজ শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে। এ সময় ভেতর থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী বলেন, লরি উল্টে ৪০ টন ওজনের কন্টেইনার প্রাইভেট কারের ওপর চাপা পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১১টার দিকে ক্রেন দিয়ে লরি সরিয়ে প্রাইভেট কারে থাকা চালকসহ ৪ যাত্রীকে উদ্ধার করা হয়। তারা সামান্য আহত হয়েছেন। চালককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইসহাক বলেন, প্রাইভেট কারটা লরিটার নিচে ছিল একদম। প্রাইভেট কারে থাকা যাত্রীরা ভেতর থেকে বাঁচার জন্য চিৎকার করতেছিলেন।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আল্লাহ রক্ষা করেছেন। নয়তো এ রকম দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি থাকে। প্রাইভেট কারে থাকা চার যাত্রীর মধ্যে শুধু চালক হালকা ব্যথা পেয়েছেন।