০১ আগস্ট ২০২৩, ১৯:১৬

তারেক-জোবাইদার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় কাল

তারেক রহমান ও জোবাইদা রহমান  © ফাইল ফটো

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাকে সহযোগিতা করার অভিযোগে স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে বুধবার। সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারেক-জোবায়দার বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীর।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি ১৩ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছে দুদক।

এ বিষয়ে দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল বলেন, এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। প্রত্যেক নাগরিক আইনের কাছে সমান। পলাতক তারেক রহমান এ দেশের নাগরিক হিসেবে আইনের আওতায় এসেছেন। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার সব অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় সর্বোচ্চ শাস্তি তিন বছর ও ২৭(১) ধারায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তাদের দুজনের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা শাস্তি প্রত্যাশা করছি।

এ মামলায় গত ১৩ এপ্রিল পলাতক এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। ওই সময় তিনি গ্রেপ্তার হন। পরে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান তিনি। এরপর আর দেশে ফিরেননি।