৩১ জুলাই ২০২৩, ২১:৪৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত 

বঙ্গোপসাগর  © ফাইল ছবি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে আকাশে দেখা দিয়েছে সঞ্চরণশীল মেঘমালা দেখা দিয়েছে। ফলে দেশের উপকূলসহ বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে এবং তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে বলেও জানিয়েছে তারা।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরো পড়ুন: চিকিৎসা নিতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার জবি শিক্ষার্থী

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গায় কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।