ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির
রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। আজ শুক্রবার বিকেল (২৮ জুলাই) সাড়ে ৬টার দিকে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে এই মহাসমাবেশ করছে দলটি। এরই অংশ হিসেবে একই দাবিতে অবস্থান কর্মসূচি দিল বিএনপি।
মহাসমাবেশে মির্জা ফখরুল বলেন, আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আছি। এখন একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন চালের দাম ৮০-৯০ টাকা। ঘরে ঘরে চাকরি দেবে, কিন্তু এখন ২০ লাখ টাকা ঘুস না দিলে চাকরি হয় না। আবার আওয়ামী লীগ না করলে চাকরি হয় না। আমাদের দেশের মানুষ কষ্ট করে ডলার অর্জন করে রিজার্ভ বাড়ায়। আর এরা বিদেশে তা পাচার করে। এ সরকার মানবাধিকারের সরকার নয়। এরা অমানবিক সরকার।