আঠারোর আগে বিয়ে না করার শপথ শতাধিক ছাত্রীর
লক্ষ্মীপুরে শতাধিক ছাত্রী আঠারো বছর বয়সের আগে বিয়ে না করার শপথ গ্রহণ করেছেন। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধের এক কর্মশালায় এ শপথ গ্রহণ করেন তারা।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার মার্চ ফাউন্ডেশনের উদ্যোগে হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। সুইডেনের ভাস্টিরাস থরেন স্কুল ও হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘বাল্যবিয়েকে না বলি, আঠারোর আগে বিয়ে নয়’।
আরো পড়ুন: মাউশির হুঁশিয়ারির পরও দাবি আদায়ে অনড় শিক্ষকরা
শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া নামে এক ছাত্রী বক্তব্য রাখেন। এসময় সে বাল্যবিয়ে করবে না বলে শপথ করে। এছাড়া ২২ বছরের আগে মা ও ৪৫ বছরের পর গর্ভধারণ করবে না বলেও শপথ নেন। একইসঙ্গে সতীর্থ বোনদেরও বক্তব্যের মাধ্যমে বাল্যবিয়ে রোধে উৎসাহিত করেছে।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার কে এম জাহিদুল ইসলাম বিপ্লব ও সুইডেনের ভাস্টিরাস থরেন বিজনেস স্কুলের প্রধান শিক্ষক কে এম আবদুর রহমান সবুজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ও সিনিয়র শিক্ষক সঞ্জয় চন্দ্র সাহা প্রমুখ।