২৭ জুন ২০২৩, ১৮:৫৯

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বুধবার চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

ঈদের নামাজ আদায়  © ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৫ উপজেলার অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে ইতিমধ্যে ওই সব গ্রামের মুসল্লিরা পশু কোরবানিসহ নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী মাদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ১৯২৮ সাল থেকে তার বাবা সাদ্রা গ্রামের পীর মাওলানা ইসহাক বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে এই রীতি চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা চাঁদপুরের বিভিন্ন এলাকায় এ রীতি পালন করেন। পরবর্তী সময়ে বিভিন্ন গ্রামের অনেক মুসল্লি একদিন আগে ঈদ পালন শুরু করেন। তবে এসব গ্রামের অনেকে এখনো দেশের সরকারি নিয়মের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুরের মুসল্লিরা এক দিন আগে ঈদ পালন করবেন।

এছাড়া মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী, দেওয়ানকান্দি পাঁচানী, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে এক দিন আগে ঈদ উদ্‌যাপন করেন মুসল্লিরা।

সাড়ে পাঁচানী গ্রামের মো. বাবু বলেন, হাজীগঞ্জের পীরের অনুসারী হিসেবে ১৯২৮ সাল থেকে তার পরিবারের সদস্যরা নির্ধারিত তারিখের এক দিন আগেই ঈদ উদ্‌যাপন করছেন। তার পূর্বসূরিরাও এভাবে ঈদ করেছেন।