সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় ইডেন কলেজ ছাত্রী মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ রবিবার (১৮ জুন) বিকেলে রাজধানীর নিপসমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। এখন বিষয়টি পুরোপুরি আইনের হাতে চলে গেছে। এখন যা ব্যবস্থা নেওয়া হয়, সেটি আইন অনুযায়ী নেওয়া হবে।
সেন্ট্রাল হাসপাতালে একজন প্রসূতি মায়ের মৃত্যু খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ওই হাসপাতালে আমরা টিম পাঠিয়েছিলাম। কী কী জিনিসের ঘাটতি ছিল সেখানে গিয়ে তারা সার্বিক অবস্থা দেখেছে। অপারেশনসহ কিছু কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে। যে পর্যন্ত তাদের ঘাটতিগুলো পূরণ না হবে সে পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।