জীবদ্দশায় দেহ দান করলেন দম্পত্তি
ভোলার চরফ্যাশনে জীবদ্দশায় নিজেদের দেহ দান করেছেন হিন্দু দম্পত্তি। পৌরসভা ৫নম্বর ওয়ার্ডের প্রান গোপাল দেবনাথের ছেলে পার্থ সারথী দেবনাথ ও তার স্ত্রী বেলী রানী দাস। গত মঙ্গলবার (২৩ মে) চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান’র আদালতে ৭৩ এবং ৭৪ নম্বর হলফ নামা সম্পাদনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা।
হলফ নামার সুত্রে জানা যায়, মানুষ মৃত্যুর পর জীবন্ত মানব দেহে প্রতিস্থাপনের জন্য,বিজ্ঞান গবেষণার জন্য ,চিকিৎসা শিক্ষার উদ্দেশ্যে তার মৃত দেহ দান করার মাধ্যমে মানবতার সেবা করতে পারেন। এ বিশ্বাস থেকে তাদের দেহ তাদের মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে দান করার ইচ্ছা পোষন করেন।
এছাড়াও ইতিপূর্বে তাদের চক্ষুদ্বয় ইস্পাহানী আই ব্যাংক এ ৪৭১নং নিবন্ধন ক্রমে দান করা হয়েছে। তাদের মৃত দেহ বা এর কোন অংশ মুনাফা লাভের উদ্দেশ্যে কেনা-বেচা করা যাবে না বলেও হলফ নামায় উল্লেখ করা হয়েছে।
পার্থ সারথী দেবনাথ জানান, আমাদের একটি চক্ষু একজন দৃষ্টিহীন মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে, একটি অঙ্গ একজন অঙ্গহীন মানুষের চলার পথ সুগম করে দিতে পারে এ চিন্তা ভাবনা থেকে আমি এবং আমার স্ত্রী এ সিদ্ধান্ত নেই।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, মৃত মানুষের চোখের কর্নিয়া একজন দৃষ্টিহীন মানুষের দৃষ্টি ফেরাতে কাজে লাগে। আর মৃত দেহ মেডিকেল’র অধ্যয়নরত শিক্ষার্থীদের চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষনে কাজে লেগে থাকে। তিনি তাদের এ উদ্দ্যোগকে সাধুবাদ জানান।