১৬ মে ২০২৩, ০৯:১৫

ফারুকের স্বপ্ন পূরণ করতে সংসদীয় আসনের দায়িত্ব নিতে চান সিদ্দিক

ফারুক ও অভিনেতা সিদ্দিক  © সংগৃহীত

সদ্য প্রয়াত অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সাংসদ আকবর পাঠান ফারুক। তার আসনের এমপি হওয়ার জন্য গেল বছর থেকে প্রচারণায় নেমেছেন অভিনেতা সিদ্দিক। গুলশান-বনানীর বিভিন্ন দেয়ালে টাঙানো আছে এই অভিনেতার নির্বাচনী প্রচারণা স্বরূপ সমর্থন চাওয়ার পোস্টার রয়েছে তার। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর খবর জানার পর সিদ্দিক একটি সংবাদমাধ্যমকে বলেন, ফারুক ভাইয়ের সংসদীয় আসনের দায়িত্ব নিয়ে আমি তার স্বপ্ন পূরণ করতে চাই।

সোমবার (১৫ মে) ফারুকের মৃত্যুর খবর জেনে অভিনেতা সিদ্দিক বলেছেন, ফারুক ভাই আমার শ্রদ্ধার বড় ভাই। শুরু থেকে অসুস্থ থাকায় এই এলাকায় তার স্বপ্নগুলো প্রতিফলিত করতে পারেননি। তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আরেকজন শিল্পী হিসেবে আমি সিদ্দিকুর রহমান দায়িত্ব নিতে চাই।

সিদ্দিকের দাবী, তিনি গেল নির্বাচনে ক্যান্টমেন্টসহ বিভিন্ন এলাকায় ফারুকের জন্য ভোট চেয়েছেন। সিদ্দিক বলেন, ঢাকা ১৭ আসনটি ভিআইপি সিআইপিদের। আমি এখানকার নৌকার বৈঠার দায়িত্ব নিতে চাই। ফারুক ভাইয়ের সঙ্গে আলাপ করে তার কথাগুলো ধারণ করেছি। এখান থেকে নমিনেশন পেলে দেখিয়ে দিতে চাই ফারুক ভাইয়ের মিশন ও ভিশনগুলো। শিল্পীর স্থানে যদি শিল্পীর রিপ্লেসমেন্ট যেটা অবশ্যই ভালো হবে।

গেল সাংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে হাল ছাড়েননি, আবারও তিনি নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তিনি।

দেড় বছর সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আকবর পাঠান ফারুক। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন: চিত্রনায়ক ফারুক মারা গেছেন

আজ কেন্দ্রীয় শহীদ মিনার, এফডিসি, চ্যানেল আই সহ একাধিক শোক আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। নায়ক ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অভিনেতা সিদ্দিকুর রহমান এর আগে ২০১৮ সালে টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। সেবার এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। সে কারণে সিদ্দিকের টার্গেট এবার ঢাকা-১৭। এবার তার ইচ্ছা সংসদ সদস্য হওয়া।