দেশের অর্ধেকের বেশি এলাকায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
গত তিনদিন ধরেই তাপমাত্রা বেড়েছে রাজধানী ঢাকাসহ অধিকাংশ জেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। স্বাভাবিকের তুলনায় যা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে তাপপ্রবাহ বয়ে যাবে। এতে আজ ও কাল গরমের তীব্রতা বাড়তে পারে। এরপর দেশের বিভিন্ন স্থানে মেঘ বেড়ে বৃষ্টি শুরু হতে পারে। ফলে আগামী শনিবার তাপমাত্রা আবার কমতে শুরু করবে। শনিবার থেকে বিশেষ করে রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল বলেন, দুদিন ধরে আকাশে মেঘ কম। ফলে সূর্য সরাসরি তাপ দিচ্ছে। বেশি সময় নিয়ে তাপ দিচ্ছে। এ কারণে গরম বাড়ছে। আজ দিনের বাকি সময় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে রাজধানীসহ দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে তাপপ্রবাহ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা কোথাও থাকলে সেখানে তাপপ্রবাহ বয়ে যায় বলে ধরে নেওয়া হয়। ঢাকায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বেলা ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সে হিসেবে আজ ঢাকায় মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া, আজ দেশের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।