২১ এপ্রিল ২০২৩, ১২:২০

ঢাকাসহ আরও চার বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বৃষ্টির আভাস  © ফাইল ফটো

তীব্র গরমের পর বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তিন দিন ধরে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় আর্দ্রতার পরিমাণও বাড়তে শুরু করেছে। এতে গরমের অনুভূতি বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গরমের অনুভূতি ছিল বেশি। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ঢাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া, দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি ও দমকা বাতাস রোববার পর্যন্ত চলতে পারে। ফলে ২ এপ্রিল থেকে যে দাবদাহ বইছিল, তা চলে যেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার খুলনা, বরিশাল, ঢাকাসহ দেশের অর্ধেকের বেশি স্থানে দাবদাহ থাকতে পারে।

আরো পড়ুন: সিলেবাস পরিবর্তনসহ বিসিএস পরীক্ষা পদ্ধতির সংস্কার হচ্ছে 

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বৃষ্টি ও মেঘ বেড়ে যাওয়ায় তাপমাত্রা এরই মধ্যে কমতে শুরু করেছে। শুক্রবার থেকে তাপমাত্রা আরও কমে শনিবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি নামতে পারে।

এদিকে, সিলেটে বুধবার মৃদু কালবৈশাখী হয়েছে, বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার। সিলেটে বৃষ্টির সঙ্গে শিলা পড়েছে। রাত সাড়ে ৯টায় ঝোড়ো বাতাস শুরু হয়েছে। নেত্রকোনায় সামান্য বৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে এদিন তীব্র দাবদাহ বয়ে গেছে। আর দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে গেছে। শুক্রবারও মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যেতে পারে।