১১ এপ্রিল ২০২৩, ১১:০২

সারের দাম বৃদ্ধির ঘোষণা সরকারের

সারের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে  © ফাইল ছবি

সরকার ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন নির্ধারিত দামে ডিলার ও কৃষক পর্যায়ে প্রতি কেজি সারে বাড়তি গুনতে হবে ৫ টাকা। সোমবার (১০ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপপ্রধান শেখ বদিউল আলম স্বাক্ষরিত আদেশে এ কথা বলা হেয়েছে।

আদেশে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধিজনিত কারণে সারের আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে বিক্রি মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে।

এখন থেকে ডিলার পর্যায়ে ইউরিয়া সার ২৫ টাকা, ডিএপি ১৯, টিএসপি ২৫ এমওপি ১৮ টাকা কেজি দরে কিনতে হবে। কৃষক পর্যায়ে ইউরিয়ার দাম পড়বে প্রতি কেজি ২৭ টাকা, ডিএপি ২১, টিএসপি ২৭ ও এমওপি দাম হবে প্রতি কেজি ২০ টাকা। সোমবার থেকেই এ আদেশ কার্যকর হবে।