১০ এপ্রিল ২০২৩, ১১:৪৪

দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, দুর্বিষহ জনজীবন

দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই  © সংগৃহীত

দেশে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। ৪৯টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা বাড়ার প্রবণতা। মাত্রাতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২%।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: ট্রেনের অগ্রিম টিকিট কাটার লড়াইয়ে ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক

আরও জানান, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিন তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 

রবিবার (৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বর্তমান আবহওয়া পর্যবেক্ষণ করলে দেখা যায়, দেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী, কুষ্টিয়া, যশোর ও খুলনা অঞ্চল এবং উপকূলীয় বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বয়ে যাচ্ছে মাঝারি তাপ প্রবাহ। এই তাপ প্রবাহ বিস্তৃতি লাভ করতে পারে উত্তর-পূর্ব দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।