টানা আট দিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
টানা আট দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া রোজাদাররা। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন অবস্থা আরও কিছু দিন অব্যাহত থাকবে।
তিনি বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিন শনিবার ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ধারাবাহিকভাবে টানা আট দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঢাকায়ও গত কয়েকদিন ধরেই নাভিশ্বাস অবস্থা মানুষের। রোজাদারদের শুষ্কতা এই কাঠ ফাটা রোদ যেন আরও বাড়িয়ে দিচ্ছে। আর রাজধানীর সেই চিরচেনা দীর্ঘ জ্যাম রাজপথের জ্যাম বাতাসের উত্তাপ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
আবহাওয়াবিদরা বলেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।