০৩ এপ্রিল ২০২৩, ১৩:৩৯

অস্ট্রেলিয়ান ভ্লগারকে হেনস্তার কথা স্বীকার, সেই বৃদ্ধকে আদালতে প্রেরণ

অস্ট্রেলিয়ান ভ্লগারকে হেনস্তার করা সেই বৃদ্ধাকে আদালতে প্রেরণ  © সংগৃহীত

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ভ্লগারকে হেনস্তা করা সেই বৃদ্ধ ভিক্ষুককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পেজে এক পোস্টে টুরিস্ট পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ব্লগার লিউক ডেম্যান্ট ৪ দিন আগে ফেসবুকে একটি ট্রাভেল ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সাথে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডেম্যান্ট এর ফেসবুকে প্রায় ৩.২ মিলিয়ন ফলোয়ার। এই ভিডিওটি ফেসবুকে আপলোড করলে সেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে তার এ ভিডিওটি ৯.২ মিলিয়ন ভিউ হয়। 

ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে বিষয়টি তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়। তেজগাঁও থানা পুলিশ হাতিরঝিল থানার একটি টীমের সহায়তায় গত ০২ এপ্রিল, ২০২৩ দিবাগত  রাত আনুমানিক ১২ টার দিকে  কারওয়ান বাজার ক্রসিং এর কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মো: কালু (৬০)। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সম্প্রতি একজন অস্ট্রেলিয়ান ভ্লগারকে কারওয়ান বাজার এলাকায় হেনস্তার কাজে সে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। সে এই ধরণের কাজে ইতোপূর্বেও জড়িত ছিল বলে জানা যায়। 

আরও পড়ুন: বিদেশি ভ্লগারকে বিরক্ত করা সেই ভিক্ষুক আটক

তাকে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় বর্ণিত অপরাধে জড়িত থাকায় ১০০ ধারায় গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে তাকে গ্রেফতার করায় টুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ত। এরপর এ খবর জানিয়ে তিনি লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ। এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে।