০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪

গণতন্ত্র সূচকে দুই ধাপ উন্নতি বাংলাদেশের

গণতন্ত্র সূচকে উন্নতি বাংলাদেশের  © সংগৃহীত

বাংলাদেশ বৈশ্বিক গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৭৩তম। তবে সূচকে এগোলেও ‘হাইব্রিড রেজিম’ বা মিশ্র শাসনব্যবস্থার দেশের তালিকাতেই থাকছে বাংলাদেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এবারের সূচক তৈরি করেছে ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে। সূচকের মোট ১০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯। এর আগে বাংলাদেশের অবস্থান ৭৫তম ছিল ২০২১ সালের সূচকে তখনও স্কোর ছিল ৫ দশমিক ৯৯। একই স্কোর নিয়ে ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম। 

বিশ্বব্যাপী দেশগুলোর গণতন্ত্রের অবস্থা মূল্যায়ন করা হয়েছে সূচকে পাঁচটি মূল বিষয়ের আলোকে। এতে নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যেসব দেশে সাধারণত গণতান্ত্রিক চর্চা রয়েছে ঠিকই, কিন্তু নিয়মিত নির্বাচন হলেও রাজনৈতিক দমন-পীড়ন চলে, অর্থাৎ যেসব দেশে গণতন্ত্রের পাশাপাশি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা রয়েছে সেসব দেশকে বলা হয় মিশ্র শাসনের দেশ।

সূচকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে দেশ ও অঞ্চলগুলোকে; পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। এবারের সূচকে ২৪টি দেশ পূর্ণ গণতন্ত্র বিভাগে রয়েছে, ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে রয়েছে ৪৮টি দেশ। আর হাইব্রিড শাসনব্যবস্থায় ৩৬টি এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় রয়েছে ৫৯টি দেশ।

১০ এর মধ্যে যেসব দেশের স্কোর ৪ থেকে ৬ এর মধ্যে থাকে, তারা রয়েছে হাইব্রিড শাসনব্যবস্থার দেশের বিভাগে। এ বিভাগে সবার ওপরে রয়েছে বাংলাদেশ। ৪ দশমিক শূন্য তিন স্কোর নিয়ে এ বিভাগে সবার নিচে রয়েছে মৌরিতানিয়ার অবস্থান। এ বিভাগের অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান (৮৪তম), ইউক্রেন (৮৭তম), উগান্ডা (৯৯তম), নেপাল (১০১তম) ও পাকিস্তান (১০৭তম)। যুক্তরাষ্ট্র (৩০তম), মালয়েশিয়া (৪০তম), ভারত (৪৬তম), ইন্দোনেশিয়া (৫৪তম), শ্রীলঙ্কা (৬০তম) ও সিঙ্গাপুর (৭০তম) অবস্থান নিয়ে এবারের সূচকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে থাকা দেশগুলোর অবস্থান করছে। 

অন্যদিকে, রাশিয়া এবারের গণতন্ত্র সূচকে ২২ ধাপ পিছিয়েছে। বর্তমানে এ সূচকে ২ দশমিক ২৮ স্কোর নিয়ে দেশটির অবস্থান ১৪৬তম, যা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বিভাগে পড়ে। এর আগে ২০২২ সালের গণতন্ত্র সূচকে রাশিয়ার অবস্থান ছিল ১২৪তম।

পূর্ণ গণতন্ত্র বিভাগে ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে নরওয়ে সূচকে শীর্ষ স্থানে অবস্থান করছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড। সুইডেন চতুর্থ ও ফিনল্যান্ড রয়েছে পঞ্চম অবস্থানে।

এবারের গণতন্ত্র সূচকে আফগানিস্তান শূন্য দশমিক ৩২ স্কোর নিয়ে সবার নিচে রয়েছে। দেশটির অবস্থান ১৬৭তম। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বিভাগের অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার (১৬৬তম), উত্তর কোরিয়া (১৬৫তম), মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (১৬৪তম), সিরিয়া (১৬৩তম), চীন (১৫৬তম), ইয়েমেন (১৫৫তম), ইরান (১৫৪তম), সৌদি আরব (১৫০তম)।