২৯ অক্টোবর ২০২২, ১৮:২৯

দেশকে জাপান, সিঙ্গাপুরের মতো উন্নত করতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন  © সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে জাপান, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত কাজ করছে।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে, প্রয়োজনে আরো নির্মাণ করা হবে।

শনিবার (২৯ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী-মুড়াগঞ্জ পাকা রাস্তা হতে ধর্মদেহী গ্রামের শেষ পর্যন্ত রাস্তা ও ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পরিবেশমন্ত্রী।অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নিয়মিত অফিস করছেন এনটিআরসিএ’র সেই কোটিপতি গাড়িচালক

মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন জানান, দেশের গরীব ও অসহায় মানুষকে সকল প্রকারে সহযোগিতা প্রদান করা হচ্ছে। জনগণকে সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনও ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয় না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমানভাবে সরকারি প্রদান করা হয়। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের কর্মকাণ্ডে দেশ অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষি অফিসার দেবল সরকারসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে বড়লেখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি বীজ বিতরণ করেন। সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত বড়লেখাস্থ ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।