১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:১০

ওজোন স্তর রক্ষায় কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন  © সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মির প্রভাব থেকে মানুষকে রক্ষায় সরকার ওজোন স্তর রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) পঁয়ত্রিশে মন্ট্রিল প্রটোকল- জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল’ প্রতিপাদ্যে বিশ্ব ওজোন দিবস-২০২২ উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এইচসিএফসি-এর ব্যবহার রোধে দিকনির্দেশনা সংবলিত ন্যাশনাল কুলিং প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশ অতি শিগগির কিগালি সংশোধনী বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করবে। আমি এক্ষেত্রে সকল অংশীজনের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন: ৭০ নয়, মাধ্যমিকে ২৫ শতাংশ মেয়ে শিক্ষার্থীর পাসের দাবি

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমানে মন্ট্রিল প্রটোকলের আওতায় এয়ারকন্ডিশনার, অগ্নি নির্বাপণ ও থার্মাল ফোম সেক্টরে ব্যবহৃত হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন (এইচসিএফসি) ফেজ আউট করার কাজ চলছে। এ লক্ষ্যে আমরা এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান-২ বাস্তবায়ন করছি। এর বিকল্প প্রযুক্তি একই সঙ্গে ওজোন স্তর এবং জলবায়ুবান্ধব হবে। এটা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে ৬৭ দশমিক ৫০ শতাংশ এইচসিএফসি-এর ব্যবহার কমিয়ে আনতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, এ পদক্ষেপের ফলে বাংলাদেশ এয়ারকুলার উৎপাদনের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করবে। উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির দ্বার উন্মুক্ত হবে। বিষয়টি মাথায় রেখে সরকার রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং পণ্য উৎপাদকদের জন্য ট্যাক্স ও ভ্যাট প্রদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ প্রদান করছে। রূপান্তরিত এসিগুলো যাতে বিদ্যুৎসাশ্রয়ী হয় তার প্রতি বিশেষ নজর দেবেন। এতে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে।