চীনে ফিরতে চান ৩ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
করোনাভাইরাসের কারণে বাংলাদেশে অবস্থানরত চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষার্থী দেশটিতে ফিরতে আগ্রহী। চীনে ফিরে যাওয়ার ব্যবস্থা নিতে এসব শিক্ষার্থীরা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে এসব শিক্ষার্থী লিখিতভাবে আবেদন জানিয়েছেন।
তাদের আবেদনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের প্রকোপ বাড়লে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩ হাজারের বেশি শিক্ষার্থী অনুমতি নিয়ে বাংলাদেশে চলে আসেন। এসব শিক্ষার্থী বাংলাদেশে ৮ মাস অবস্থান করছেন। তবে বিভিন্ন দেশের সরকার চীন সরকারের সঙ্গে আলোচনা করে নিজ নিজ দেশের শিক্ষার্থীদের চীনে ফেরত পাঠানোর অনুমতি পেয়েছেন।
চীনের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আগামী সেপ্টেম্বর মাস থেকে সেমিস্টার শুরু হবে। এ অবস্থায় চীনে যেতে না পারলে পড়াশোনা ও ক্যারিয়ার হুমকির মুখে পড়বে। পরিবারও পড়বে সংকটে। সে কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।