০৫ মার্চ ২০২০, ০৯:৫৪

‘কারিকুলামে পরিবর্তন করে হলেও প্রায়োগিক বিদ্যা শিক্ষা দিতে হবে’

শিক্ষাব্যবস্থার কারিকুলামে পরিবর্তন করে হলেও শিক্ষার্থীদের অ্যাপ্লাইড নলেজে (প্রায়োগিক বিদ্যা) শিক্ষা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য (ইউজিসি) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন

তিনি বলেন, ইউনিসেফ আউটকাম বেজড শিক্ষায় অনুদান দিচ্ছে। অ্যাপ্লাইড নলেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় এ বিষয়ে করণীয় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে কারিকুলামে পরিবর্তন করে হলেও অ্যাপ্লাইড নলেজে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে।

বুধবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিসেফের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ‘নিউট্রিশন ইন্টার্নশিপ’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আর এই অ্যাপ্লাইড নলেজ শুধু নিউট্রিশন অ্যান্ড ফুডের জন্য নয়, প্রতিটি বিষয়ের জন্যই প্রযোজ্য। উন্নত বিশ্বে পৌঁছানোর জন্য এবং উন্নয়নের জন্য এটি মূল চাবি। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশিক্ষিত হওয়ার বিকল্প নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

ইউজিসি সদস্য বলেন, পুষ্টি একটি জাতির মূল চাবিকাঠি। সুস্বাস্থ্যের অধিকারী জাতি-ই বাংলাদেশকে উন্নত বিশ্বে নিয়ে যাবে। আমাদের শুধু উন্নত দেশে পৌঁছালেই চলবে না একটি সুস্বাস্থ্যের অধিকারী জাতিও হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন- বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ভিরা মেনদনকা।