গণিতবিদের পরিবর্তে আইএস প্রধানের ছবি!
বিখ্যাত গণিতবিদ আবু মানসুর আল বাগদাদি। একাদশ শতাব্দীর এ পণ্ডিতের হাত ধরে এসেছে পাটিগণিতের বিখ্যাত সব সূত্র-সমাধান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সুবর্ণ জয়ন্তীতে শ্রদ্ধা জানানো হয়েছে তাঁর প্রতি। কিন্তু যাকে তাঁরা শ্রদ্ধা জানালেন তাঁর ছবি চিনতেই ভজকট ঘটিয়ে ফেলেছে দেশের অন্যতম পুরনো পাবলিক বিশ্ববিদ্যালয়টি। ব্যানারে গণিতবিদ বাগদাদি ছবির স্থলে ব্যবহার করা হয়েছে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদির ছবি। এ নিয়ে নানা ধরণের সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এমন দৃশ্য চোখে পড়ে। আইএস প্রধানের ছবি সম্বলিত এই ব্যানারে তার পরিচিতি অংশে লেখা ছিল, ‘আল বাগদাদি (৯৮০-১০৩৭)। আল বাগদাদি একজন মুসলিম গণিতশাস্ত্রবিদ যিনি পাটিগণিতের বিভিন্ন নিয়ম রচনা করেছেন। গণিত শাস্ত্রের ইতিহাসে তার কর্ম গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে।’
গণিত বিভাগের এক শিক্ষক বলেন, ইরাকের বিখ্যাত গণিতশাস্ত্রবিদ আবু মানসুর আল বাগদাদি ছিলেন একাধারে একজন ইমাম। প্রচলিত ধারার বিপরীত চিন্তার দার্শনিক ও গণিতজ্ঞ। তাকে স্মরণ করতে টানানো ব্যানারে ভুল ছবি ব্যবহার করা হয়েছে। এটি অসাবধানতাবশত হয়ে গেছে।
এ প্রসঙ্গে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় বলেন, এ ধরণের ছবি সম্পর্কে আমি কিছু জানি না। এটা ভুয়া ছবি।
সুবর্ণ জয়ন্তী উদযাপনে ১৬ ও ১৭ নভেম্বর দু’দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে চবির গণিত বিভাগ। শুক্রবার কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।