১৪ এপ্রিল ২০২০, ১৩:১০

সবাইকে ঘরে থাকার আহ্বান ও নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের

  © ফাইল ফটো

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। করোনাভাইরাস একটি অতিমাত্রার সংক্রামক ভাইরাস। এর কোনও প্রতিষেধক-প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্থা। কাজেই জনসমাগম এড়িয়ে ঘরে বসে যতটা আনন্দ করা যায় করবেন। চিরায়ত বাঙালি চেতনায় বাড়িতে বসে নববর্ষ উদযাপন করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, প্রতিবছরই দেশবাসী ঐক্যবদ্ধভাবে চিরায়ত বাঙালি সাজে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করে। কিন্তু এ বছর বাংলা নববর্ষ এমন একটি সময় আমাদের সামনে হাজির হয়েছে যখন ভয়ানক প্রাণঘাতী করোনাভাইরাসে মানবিক বিপর্যয়ের মুখে সমগ্র পৃথিবী, সমগ্র বাংলাদেশ।

এসময় তিনি বলেন, সবাই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। করোনাভাইরাস প্রতিরোধে বীরের জাতি বাঙালি। প্রতিরোধ যুদ্ধে জয় আমাদের হবেই ইনশাল্লাহ।