১১ এপ্রিল ২০২০, ১৩:১৬

খুলনায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

  © ফাইল ফটো

খুলনায় জ্বর-সর্দির মতো করোনা উপসর্গ নিয়ে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। চিকিৎসকরা বলছেন, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে মৃত্যুর কারণ নিশ্চিতে করোনাভাইরাস ছিল কি-না, তা পরীক্ষা করা হবে।

শিশুটির স্বজনরা জানান, কয়েক দিন ধরে সর্দি জ্বরে ভুগছিল শিশুটি। শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে করোনা ওয়ার্ডে পাঠান। সেখানে রাত ১টার দিকে মৃত্যু হয় শিশুটির।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (মেডিসিন) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শিশুটি জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

শুক্রবার( ১০ এপ্রিল) তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হলে রাতেই মারা যায় শিশুটি। তার করোনাভাইরাস ছিল কি-না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া শিশুটির পরিবারের সদস্যদের কাউন্সিলিং করে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি নিমোনিয়ায় আক্রান্ত ছিল। কিন্তু করোনা উপসর্গ থাকায় তার স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এটি পরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হবে।