২৩ মার্চ ২০২০, ০১:১২

কোয়ারেন্টাইনে অ্যাঞ্জেলা মার্কেল

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল

করোনা ইস্যুতে প্রতি মুহুর্তে নতুন খবর যোগ হচ্ছে গোটা বিশ্বে। এবার তাতে যোগ হলো- কোয়ারেন্টাইনে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। খবর ডয়েচে ভেলের। খবরে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে দেখা করার পর তিনি কোয়ারেন্টাইনে গেছেন।

এর আগে করোনার বিস্তার রুখতে পাবলিক প্লেসে দুইজনের বেশি লোক এক জায়গায় হওয়া নিষিদ্ধ করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ব্রিফিংয়ে জানিয়েছেন, শুধুমাত্র একই পরিবারের যেসব লোক একই বাড়িতে থাকেন তারা ব্যতীত অন্তত দুই সপ্তাহ অন্য লোকজন একত্রিত হতে পারবেন না। রেস্টুরেন্টগুলোও বন্ধ থাকবে, তবে হোম ডেলিভারি সার্ভিস চালু রাখা যাবে।

এদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচ নম্বরে। রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৪ হাজার ৭১৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ধরা পড়েছে ২ হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।