করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে দুই প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। করোনায় আক্রান্ত দুজনের মধ্যে একজন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাও কাউন্টির বাসিন্দা। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অবশ্য তার আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই ঘনিষ্ঠ বন্ধু আহমেদ ইউসুফ।
প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আরেক প্রবাসী কুইন্সেন এস্টোরিয়ার বাসিন্দা। তিনি ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের দুজনের পরিবারের অন্য সদস্যদের কি অবস্থা তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে এই সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দুই প্রবাসীর করোনাভাইরাস আক্রান্তের খবরে নিউ ইয়র্কে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে। এরইমধ্যে গতকাল শুক্রবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তার আগেই নিউ ইয়র্কে জরুরী অবস্থা ঘোষণা করেছেন স্টেটটির গভর্নর এন্ড্রু কুওমো।
গণমাধ্যমের তথ্য মতে, গত পহেলা মার্চ নিউইয়র্কে প্রথম একজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত করা হয়। এরপর দুই সপ্তাহের মধ্যে তা বেড়ে দুই শতাধিক হয়। তার মধ্যে আপস্টেটের ওয়েস্ট চেস্টার কাউন্টিতে সবচেয়ে বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে এরইমধ্যে মারাত্মক এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। মৃতের সংখ্যাও বাড়ছে। গতকাল শনিবারও নিউ ইয়র্কের ম্যানহাটনে একজনের মৃত্যু হয়েছে।