বিদেশফেরতরা ১৪ দিন ঘরে না থাকলে আইনি ব্যবস্থা: আইইডিসিআর
করোনাভাইরাস নিয়ে সরকারি নির্দেশনা না মানলে পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
প্রতিষ্ঠানটি বিদেশ থেকে ফিরে আসা সবাইকেই অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। এটি না মানলে শক্ত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
ফ্লোরা বলেন, সৌদি দূতাবাস থেকে জানানো হয়, যারা সৌদিতে যেতে ইচ্ছুক তারা যেন সরাসরি সৌদিতে যান। তারা যেন অন্য কোনো ট্রানজিট ব্যবহার না করেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে আমাদের দেশের অনেক যাত্রী যাতায়াত করতে পারছিলেন না। এদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা গেছে। তাদের কোনো সমস্যা হবে না। রাষ্ট্রদূতরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে পরবর্তীতে তাদের মেয়াদ বাড়ানো হবে।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।