০৯ মার্চ ২০২০, ০৮:১৭

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি, সৌদিফেরত যুবকের মৃত্যু

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার সন্দেহে পশ্চিমবঙ্গে হাসপাতালে ভর্তি এক ভারতীয়র মৃত্যু হয়েছে। সৌদি আরব থেকে ফেরা ৩৩ বছর বয়সী ওই যুবক মর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আনন্দবাজারপত্রিকার খবরে এমন তথ্য জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের বলছে, ওই যুবকের মৃত্যুর কারণ রিপোর্ট না আসা পর্যন্ত বলা সম্ভব নয়। করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে থাকা কোনও রোগীর মৃত্যুর ঘটনা রাজ্যটিতে এই প্রথম।

খবরে বলা হয়, মুর্শিদাবাদের নবগ্রাম পলাশপাড়ার বাসিন্দা জিনারুন হক রোববার সকাল সাড়ে ৯টায় হাসপাতালে ভর্তি হন। বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তৃব্যরত চিকিৎসকরা।

জিনারুল গত পাঁচ বছর ধরে সৌদি আরবের একটি হাসপাতালে পরিচ্ছন্নকর্মী হিসাবে কাজ করেন। শনিবার সকালেই তিনি সৌদি থেকে কলকাতায় এসে পৌঁছান।

জিনারুলের স্বজন মোবিন শেখ বলেন, সকালে বিমান থেকে নামার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়ি পৌঁছায় সে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, জিনারুলের রক্তে শর্করা ছিল বেশি। সেই কারণেই চিকিৎসার জন্য তিনি ছুটি নিয়ে বাড়ি ফেরেন।

মোবিন বলেন, বাড়ি পৌঁছানোর পর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। রাতে পরিস্থিতি আরও খারাপ হয়। তখন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাতেও তার অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকালে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে ভর্তি করা হয়। যেহেতু সদ্য ওই ব্যক্তি সৌদি আরব থেকে ফিরেছেন, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।