করোনা: আক্রান্ত তিনজনের দু’জনই এক পরিবারের, সবাই তরুণ
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের দুজনই এক পরিবারের বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রবিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালিতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা এ তথ্য দেন।
তিনি বলেন, ইতালি থেকে আগত বাংলাদেশি দুই নাগরিক দেশে এলে পরীক্ষার পর কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এদের একজনের মাধ্যমে পরবর্তীকালে পরিবারের এক সদস্য আক্রান্ত হয়। তিনজনের মধ্যে একজন নারী, দু’জন পুরুষ। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে আক্রান্তদের পরিচয় জানানো হয়নি। এমনকি তারা কোথায় তাও বলেননি।
আজ মীরজাদী সেব্রিনা বলেন, ‘বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি।’ তবে করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দেন সেব্রিনা। তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। আইসোলেশেন ইউনিট করা হয়েছে।’
সেব্রিনা বলেন, ‘আশঙ্কা করছি না আরও ছড়িয়ে পড়বে। প্রত্যেকের মাস্ক পরে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই।’