করোনায় হাহাকার: টয়লেট পেপার নিয়ে দুই মহিলার চুলোচুলি
পৃথিবীজুড়ে উদ্বেগ সৃষ্টি করা করোনাভাইরাস নিয়ে আতঙ্কে দিশেহারা বিশ্ববাসী। এই আতঙ্কেই সারাবিশ্বের মানুষের মধ্যে বেড়েছে মুখঢাকা মাস্ক ব্যবহার কিংবা টয়লেট পেপার সংগ্রহের পরিমান। তার ফলে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় টয়লেট পেপারের আকাল দেখা দিয়েছে। সকলেই যাতে টয়লেট পেপার কিনতে পারেন, তাই বিক্রির ক্ষেত্রে রাশ টানা হয়েছে। একজন ব্যক্তিকে একটিমাত্রই টয়লেট পেপার বিক্রি করার নির্দেশিকা জারি করা হয়েছে সেদেশের শপিং মলগুলিতেও। কিন্তু নির্দেশিকার কথা শুনে বেজায় চটলেন এক মহিলা। রীতিমতো হাতাহাতি, চুলোচুলিও করেন তিনি। এমনই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতি ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, একজন মহিলা শপিং মলের ট্রলি ভরে টয়লেট পেপার নিয়ে যাচ্ছেন। আরেকজন মহিলা দেখেন টয়লেট পেপার আর নেই। তাই বাধ্য হয়ে ওই মহিলার ভরতি ট্রলি থেকে একটি টয়লেট পেপার নিতে গিয়েছিলেন। যুক্তি হিসাবে তিনি বলেন, কেউই একটার বেশি টয়লেট পেপার নিতে পারেন না। তা সত্ত্বেও কেন বেশি টয়লেট পেপার নিচ্ছেন তিনি? প্রশ্ন শুনে বেজায় চটেন ওই মহিলা। তিনি নির্দেশ মানেন না বলেই সাফ জানিয়ে দেন। কথা কাটাকাটি শুরু হয়ে যায় দু’জনের মধ্যে। তার মাঝে ট্রলিতে হাত দেন আরেক মহিলা। এরপর আর মেজাজ সামলাতে পারেননি তিনি। হাতাহাতি শুরু হয়ে যান দু’জনের। শপিং মলের এক মহিলা কর্মী বিষয়টি সামাল দিতে এগিয়ে আসেন। তাঁর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিউ সাউথ ওয়েলস থানায় এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার তদন্তে আগামী ২৮ এপ্রিল আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।