২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৭

শৈত্যপ্রবাহ ভোটের দিনও থাকবে

  © ফাইল ফটো

আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের এই আমেজে সারাদেশে শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন দেশের বিভিন্ন স্থানে যে শৈত্যপ্রবাহ বইছে তা ভোটের দিনও অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে বিভিন্ন এলাকা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ভোটের দিন ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে কুয়াশা থাকবে। বিশেষ করে নদী অববাহিকায় যেখানে পানির সোর্স কাছাকাছি বা যেখানে গাছপালা বেশি সেখানে কুয়াশা বেশি পড়বে। তবে ওইদিন দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এখন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। ভোটের দিনে তা তীব্র আকার ধারণ করার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ ডিগ্রির চেয়ে বেশি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।