২৩ জুলাই ২০২০, ২৩:২৬

সাধারণ জ্ঞান‌ভি‌ত্তিক অনলাইন কর্মশালা শুরু কাল

  © টিডিসি ফটো

সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল শেখানোর জন্য অনুষ্ঠিত হচ্ছে চার‌ দিনব্যাপী সাধারণ জ্ঞান‌ভি‌ত্তিক অনলাইন কর্মশালা। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) থেকে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত ফেসবুক লাইভে অনুষ্ঠিত হবে এ কর্মশালাটি।

প্রতিদিন রাত ৮টায় ফেসবুক লাইভে শুরু হবে কর্মশালাটি। কর্মশালাটির আয়োজন রয়েছে বাংলাদেশ জেনারেল নলেজ অলিম্পিয়াড কমিটি এবং পরিচালনা রয়েছে জিকে নেটওয়ার্ক। 

দেশের যেকোন শিক্ষার্থী ঘরে বসে এই কর্মশালা যুক্ত হতে পারবেন। এ ব্যাপারে ফেসবুক পেজ www.facebook.com/gknetwork.bd এবং www.facebook.com/BDGKO-এ বিস্তারিত পাওয়া যাবে বলে আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, কর্মশালার প্রথম দিন ছাত্রজীবনে সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার খুটিনাটি বিষয় নিয়ে কথা বলবেন ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী সাইয়েদ বিন আবদুল্লাহ। দ্বিতীয় দিন চাকরির প্রস্তুতিতে সাধারণ জ্ঞান বিষয়ে কথা বলতে আসবেন ৩৫তম বিসিএস পরীক্ষায় (সাধারণ শিক্ষা) ক্যাডার গাজী মিজানুর রহমান।

তৃতীয় দিন আসবেন ৩৯তম বিশেষ বিসিএস ক্যাডারে স্বাস্থ্য ক্যাডারে প্রথম ড. নীলিমা ইয়াসমিন। তিনি কথা বলবেন মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান সম্পর্কে। শেষের দিন সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার উপায় নিয়ে কথা বলবেন ৩১তম বিসিএসের প্রশাসন ক্যাডার মনদীপ ঘরাই।