২০ জুলাই ২০২০, ১২:০৩

টি-২০ বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসছে

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-২০ বিশ্বকাপ। করোনা মহামারির জেরে বিশ্বকাপ আয়োজন যে সম্ভব নয়, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এতদিনে। তা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বিশ্বকাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি।

এদিকে আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে ভারতীয় বোর্ডের ঘরোয়া টি-২০ লিগের ভবিষ্যৎ। বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই সময়ে বিসিসিআই আইপিএল আয়োজন করতে তৎপর। তাই ভারতীয় বোর্ড চাইছে আইসিসি যত তাড়াতাড়ি সম্ভব টি-২০ বিশ্বকাপ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিক।

আইসিসির গত দু'টি বৈঠকে টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে দু'বারই আরও কিছুদিন অপেক্ষা করার কথা জানানো হয়। এই অবস্থায় আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুনরায় বৈঠকে মিলিত হচ্ছেন আইসিসি কর্তারা।

বিসিসিআই আশা করছে, এই বৈঠকেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টি-২০ বিশ্বকাপ নিয়ে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে দেবে, যাতে তারা আইপিএলের প্রস্তুতিতে মন দিতে পারে।

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'প্রথম ধাপ ছিল এশিয়া কাপ স্থগিত হওয়া, যেটা ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। এখন আইসিসি যতক্ষণ না টি-২০ বিশ্বকাপ বাতিল ঘোষণা করছে, ততক্ষণ আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারি না।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেও আইসিসি অযথা সময় নিচ্ছে। আশা করি পরের বৈঠকেই ওরা সিদ্ধান্ত ঘোষণা করবে।'