১১ মে ২০২০, ১৯:১২

স্প্যানিশ লা লিগা আবার শুরু হতে পারে ১২ জুন

  © বিবিসি

বিশ্ব ক্লাব ফুটবলের জনপ্রিয়া আসর স্পেনের লা লিগা আবার শুরু হতে পারে ১২ জুন থেকে। সে লক্ষ্যে খেলোয়াড়দের করোনা ভাইরাস টেস্টিং শুরু হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনে সর্বোচ্চ স্তরের পেশাদার ফুটবলের কর্তৃপক্ষ আশা করছে, মার্চ মাসে বন্ধ হয়ে যাওয়া লা লিগা আগামী ১২ জুন আবার শুরু হতে পারে।

গত সপ্তাহে লা লিগার খেলোয়াড়দের ভাইরাস টেস্টিং শুরু হয়েছে। এছাড়া ট্রেনিং আবার শুরু করা এবং ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলানোর পরিকল্পনাও করা হচ্ছে।

স্প্যানিশ ফুটবলের উচ্চতম দুটি ডিভিশনের পাঁচ জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন। তবে লিগ প্রেসিডেন্ট জাভিয়ার টেবাস বলছেন, নিয়মিত টেস্ট করলে খেলোয়াড়দের খেলার সময় সংক্রমিত হবার ঝুঁকি কার্যত শূন্যে নেমে আসবে।

স্পেনে করোনাভাইরাস সংক্রমণ গুরুতর আকার নিয়েছিল, তবে এখন লকডাউন বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।