১০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩

হাসির আড়ালে আকবরের বেদনার গল্প

অনূর্ধ-১৯ বিশ্বকাপের ট্রফি হাতে আকবর আলী   © সংগৃহীত

বহু বছর অপেক্ষার পর ছুঁয়ে দেখা হলো ট্রফি। বিশ্বকাপ হাতে নেওয়ার স্বপ্ন যে এভাবে হুট করে পূরণ হয়ে যাবে তা ভাবতেও পারেনি দেশের কোটি কোটি ক্রিকেটামোদী। এতদিন শুধু স্বপ্ন দেখাই সার হয়েছে। স্বপ্নটা নিজের মনেও পুষে রেখেছিলেন আকবর আলী। তার হাত দিয়েই বাংলাদেশ উপহার পেল দারুণ এক ট্রফির। তিনিই হয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বিশ্বজয়ের গল্প এবারই প্রথম বাংলাদেশের জন্য। বিশ্বকাপটা হাতে নিয়ে তাই আকবর আলীর হাসির বিস্তৃতিও অনেক বড়। কিন্তু কে বলবে এই হাসির আড়ালে লুকিয়ে আছে বড়সড় বেদনার গল্প। প্রিয়জন হারানোর বেদনা বুকে চেপে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও মাথা ঠাণ্ডা রেখে নেতৃত্ব দিয়ে গেছেন।

হাজার মাইল দূরের দেশ দক্ষিণ আফ্রিকায় গেছেন বিশ্বকাপ খেলতে। গত ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। আকবর আলীর দলের কাছে পরের ম্যাচে স্কটল্যান্ডও পাত্তা পেল না। ২০০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতল বাংলাদেশ।

পরপর দুটো জয়। দলের সবাই বেশ হাসিখুশি, উৎফুল্ল। অধিনায়ক আকবর আলীও ভীষণ খুশি। এই সময়টাতেই এলো ভয়াবহ এক দুঃসংবাদ। আকবর আলীর একমাত্র বোন খাদিজা খাতুন চলে গেছেন না ফেরার দেশে। ২২ জানুয়ারি যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান তিনি।

সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যের চৌকাঠে পা রাখা আকবর আলীর জন্য এমন খবরে মুষড়ে পড়াটা স্বাভাবিকই ছিল। কিন্তু তিনি ভাঙলেন না। শোককে করলেন শক্তি। অপরাজিত চ্যাম্পিয়ন করলেন দলকে। ঘরে তুললেন আরাধ্য সেই আইসিসি অনূর্ধ-১৯ বিশ্বকাপের ট্রফি। ফিরলেন বিজয়ীর বেশে, চওড়া হাসি নিয়েই।