২০ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৪

শ্বশুরবাড়িতে রাজকীয় মেজাজে সৃজিতের জামাইভোজ

মিথিলা-সৃজিত-ইরেশ যাকের  © সংগৃহীত

বিয়ের পর সুইজারল্যান্ডের প্রকৃতির সুধা মিথিলা-সৃজিত পান করছেন পরম তৃপ্তিতে। সুইজারল্যান্ড আর গ্রিসে মধুচন্দ্রিমা শেষে এবার নতুন বউকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা দিয়েছেন সৃজিত মুখার্জি।

রাজকীয় মেজাজে চলছে জামাইভোজ। আর জামাই আদর তো বাঙালি সংস্কৃতির সর্বজনস্বীকৃত অপরিহার্য অংশ। সৃজিত মুখার্জির ভাষায়, ‘অফিশিয়াল ভূরিভোজ’।

টুইটারে সৃজিত মুখার্জি খাবারের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।’ এমন পোষ্টেই বোঝা যাচ্ছে আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি মিথিলার পরিবার। অবশ্য সৃজিত মুখার্জি একা একা সব খাননি। দলে টেনে নিয়েছেন ভায়রা ভাই ইরেশ যাকের কেও।

সৃজিত মুখার্জি আর ছোট বোন জাকিয়া রশিদ মিমের জীবনসঙ্গী ইরেশ জাকেরের ছবিটি পোস্ট করে মিথিলা ক্যাপশন লিখেছেন, সত্যজিতের ‘হীরক রাজার দেশে’ সিনেমা থেকে, ‘মোরা দুজন রাজার জামাই’ আর হ্যাশট্যাগ, ‘ভায়রা ভাই’।

এর আগে ৬ ডিসেম্বর সেই গুঞ্জন সত্যি পরিণত হলো। কলকাতার একটি ফ্ল্যাটে নিকটাত্মীয়, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সৃজিতকে জীবনসঙ্গী করে নেন মিথিলা। ঘরোয়া অনুষ্ঠানে মিথিলা এসেছিলেন লাল শাড়ি পরে বাংলার চিরায়ত বধূ সাজে। সৃজিতকে দেখা গেছে কালো পাঞ্জাবির সঙ্গে লাল জহরকোর্ট পরিহিত অবস্থায়। অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিল মিথিলার মেয়ে আইরাও।