নিষিদ্ধ হলেন ওজিল!
এবার নিষিদ্ধ হলেন আর্সেনালের জার্মান সুপাস্টার ফুটবলার মেসুত ওজিল। চীনের উইঘুর মুসলিমদের সঙ্গে দেশটির সরকারের আচরণের প্রতিবাদ করায় ‘প্রো ইভলুশন সকার’ নামের জনপ্রিয় গেমের চীনা সংস্করণ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে একই কারণে চীনের টেলিভিশনে ওজিলের ক্লাব আর্সেনালের খেলা দেখানো নিষিদ্ধ করা হয়েছে। ফুটবল দুনিয়ার সেরা দুইটি গেম হলো ফিফা এবং প্রো ইভলুশন সকার (পেস)। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই দুই গেমের ভক্ত। বিশ্বের সবচেয়ে জনবহুল চীনের ফুটবলপ্রেমীরাও ব্যাপকভাবে এই দুটি গেম খেলত।
বিবিসি জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে চীনের ফুটবলপ্রিয় জনগণ এই গেমে আর কোনোদিনই ওজিলকে নিয়ে খেলতে পারবে না। গেমটির নির্মাতা নেটএস এক বিবৃতিতে বলেছে, ‘এই জার্মান ফুটবলার চীনের বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তাই এই গেম থেকে তাকে প্রত্যাহার করা হলো।’
বিষয়টি নিয়ে তার ক্লাব আর্সেনালও বেশ বিব্রতকর অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই বিবৃতি দিয়ে ‘এটা ওজিলের ব্যক্তিগত বিষয়’ হিসেবে উল্লেখ করেছে আর্সেনাল।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, চীনে মুসলিম উইঘুর সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষকে কোনো বিচার ছাড়াই কড়া নিরাপত্তায় বিশেষ ক্যাম্পে আটকে রাখা হয়েছে। তবে চীনের দাবি, উইঘুর মুসলিমরা যেন ধর্মীয় জঙ্গিবাদে না জড়ায়, সেই লক্ষ্যে তাদের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত করা হচ্ছে।
এই বিষয়ে টুইটারে ওজিল লিখেছিলেন, ‘পূর্ব তুর্কিস্তানে কোরআনে আগুনে জ্বালানো হচ্ছে, মসজিদে তালা দেওয়া হচ্ছে, মাদরাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে মুসলিমদের এবং যুবকদের বন্দি করে দাসত্বের সম্মুখীন করা হচ্ছে।’