ক্র্যাচে ভর করে নৌকার গণসংযোগে ছাত্রলীগ নেতা
স্বাভাবিক নেই এক পা। হারিয়েছে হাঁটাচলার শক্তিও। তবুও হৃদয়ে আছে মনোবল, আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাসকে পুঁজি করেই চলছে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. রিপনের সংগ্রামী জীবন। শুধু চলছে বললে ভুল হবে, রীতিমত ক্র্যাচে ভর করে দ্বারে দ্বারে গিয়ে নৌকার গণসংযোগ চালাচ্ছেন তিনি। ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের পক্ষে এই প্রচারণায় নেমেছেন তিনি।
বৃহস্পতিবার তিতুমীর কলেজ প্রাঙ্গণে নৌকার অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এবং সেখান থেকে নেতা কর্মীদের নিয়ে মহাখালীতে নৌকার প্রচারণায় অংশ নেন। রিপন মিয়া বলেন, ‘আগামী নির্বাচন আমাদের দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে; সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ রিপন মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, এটা প্রত্যেক ছাত্রলীগ সদস্যর নৈতিক দায়িত্ব । সে দায়িত্ব থেকেই প্রচারণায় নেমেছেন তিনি।
জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের পক্ষে কাজ করছেন তিতুমীর কলেজ শাখার ছাত্রলীগ। তারই অংশ হিসেবে সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ সকল নেতাকর্মী নিয়মিত গণসংযোগ করছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একটি সড়ক দুর্ঘটনায় আহত হন তিতুমীর কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোঃ রিপন মিয়া।