২৮ আগস্ট ২০২০, ২০:৪৬

সেপ্টেম্বরে কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে না

  © ফাইল ফটো

সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা নেওয়া হবে না। আজ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল সভায় এ কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সেপ্টেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নয়। তবে পুজোর আগে পরীক্ষা নেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা হচ্ছে। অনলাইন-অফলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা দেখা হবে।’’

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাড়ির কাছাকাছি সেন্টার দেওয়া যায় কিনা দেখুন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পড়ুয়াদের জানাবেন শিক্ষামন্ত্রী।’’

এদিকে করোনাভাইরাসের কারণে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে ইউজিসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রথমে পরীক্ষা নেওয়ার দরকার নেই বলে জানানোর পরেও জুলাই মাসে ফের রাজ্যকে চিঠি পাঠানো হয়।

সেই চিঠিতে ইউজিসির তরফে জানানো হয় পরীক্ষা নিতে হবে। এ প্রসঙ্গে কেন্দ্রকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে। পড়ুয়াদের ওপর চাপ দিচ্ছে। পড়ুয়ারা মানসিক দুশ্চিন্তায় আছে। পরীক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরাও। কেন্দ্র পড়ুয়াদের কেন বিপদে ফেলছে?’’

কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করার পাশাপাশি স্কুলের পরীক্ষা নিয়েও এদিন মোদী সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্কুলে এই মুহূর্তে সব পরীক্ষা স্থগিত থাকছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্কুল নিয়েও ফরমান দেয় দিল্লি। স্কুল আমাদের হাতে থাকায় সেটা করতে পারেনি। স্কুলে কোনও পরীক্ষা হবে না।’’