কোনভাবেই অটো পাস নয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ভারতে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নির্দেশিকা মেনে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাকি থাকা সমস্ত পরীক্ষা শেষ করতে হবে ভারতের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেছে। রায়ে আদালত জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাকি রেখে ছাত্রছাত্রীদের পাস করানো যাবে না।
তবে সেইসঙ্গে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কোনও রাজ্যে করোনা পরিস্থিতি খুব সঙ্কটজনক হলে সংশ্লিষ্ট রাজ্যের সরকার ৩০ সেপ্টেম্বরের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইউজিসির কাছে আবেদন জানাতে পারে।
গত ৬ জুলাই ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেয়, করোনা সংক্রমণ ও লকডাউন সত্ত্বেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডিগ্রির চূড়ান্ত বর্ষ এবং শেষ সিমেস্টারের পরীক্ষা নিতেই হবে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লির মতো কিছু রাজ্য সরকার নির্দেশিকার বিরোধিতা করে জানায়, অতিমারি এবং লকডাউনের মধ্যে কোনও পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়।
এরপরে দিল্লি এবং মহারাষ্ট্র সরকার সর্বোচ্চ আদালতে বিচার চেয়ে মামলা করে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মতো রাজ্যের বেশ কিছু শিক্ষার্থীও শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সম্প্রতি শুনানি-পর্বে আবেদনকারীরা কোভিড-১৯ পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিলের দাবি তোলেন।
ইউজিসি-র কৌঁসুলি তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, কোনও রাজ্য কখনও একতরফাভাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার (এ ক্ষেত্রে ইউজিসি) পরীক্ষা সংক্রান্ত নিয়মে পরিবর্তন করতে পারে না।
ইউজিসির নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলি ফাইনাল ইয়ার বা শেষ সিমেস্টারের পরীক্ষা না-নিয়ে পরীক্ষার্থীদের পাশ করানোর নীতি নিলে সেটি গুরুতর নিয়মভঙ্গ হবে বলে সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন তিনি। কার্যত সেই যুক্তি মেনে নিয়েছে দেশটির শীর্ষ আদালত। খবর: আনন্দবাজার।