০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১১

এসএসসি’র প্রবেশপত্রই পেল না ৫১ পরীক্ষার্থী, আটক ২

এসএসসি পরীক্ষার হল  © ফাইল ফটো

নীলফামারীতে ফরমপূরণ করেও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেল না ৫১ জন শিক্ষার্থী। ঘটনার প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেও শিক্ষার্থীরা। পরে এক অভিযান চালিয়ে নেপথ্যের খলনায়ক ও স্কুল পরিচালক শাকিলকে আটক করে পুলিশ। এ সময় ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলিম হোসেনকেও আটক করা হয়।

প্রবেশপত্র না পাওয়া ওই শিক্ষার্থীরা শহরের ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল ফারুক একাডেমি, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সূত্র জানায়, জেলার সৈয়দপুরে প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া ৫১ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিজনের কাছ থেকে ৮ থেকে ১২ হাজার টাকা করে নেন। কিন্তু শিক্ষাবোর্ড তা অনুমোদন না দেয়ায় প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা। 

তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে শিক্ষকসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিলসহ ২ জনকে আটক করে পুলিশ।

অভিযুক্ত পরিচালক শাকিল আহমেদ জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীর নামে ফরমপূরণ করেছেন। বোর্ড কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তা না দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।