২৫ জানুয়ারি ২০১৯, ১২:৩৯

ফল পুন:নিরীক্ষণ: জিপিএ-৫ পেল ফেল করা ৬ শিক্ষার্থী

প্রতীকী ছবি  © ফাইল ছিল

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট পুন:নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। পুন:নিরীক্ষণে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। পাশাপাশি ফেল থেকে পাসের ঘটনা ঘটেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এর মধ্যে ফেল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছে। বোর্ডগুলোর প্রাপ্ত তথ্য মতে,

যশোর শিক্ষাবোর্ডের তথ্য মতে, এই বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১৫৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য ৬ পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তবিবর রহমান। তিনি বলেন, এ বছর ১০ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তন্মমধ্যে অকৃতকার্য ৬ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, সি-গ্রেড থেকে ১৪ জন, বি-গ্রেড থেকে ৫ জন, এ-মাইনাস থেকে ২১ জন ও এ-গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে আরো ৩৭ জন পরীক্ষার্থী।

ফল পরিবর্তনের ঘটনা নতুন নয়। এর আগেও এ ধরণের অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সবশেষ এইচএসসি পরীক্ষায় এ ধরণের ঘটনার পর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানিয়েছিলেন, পরীক্ষকদের অবহেলার কারণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করব। বোর্ড থেকে উত্তরপত্র মূল্যায়নে উদাসীন শিক্ষকদের কালো তালিকাভুক্ত করা হবে। যদিও ওই আশ্বাস কতটুকু বাস্তবায়ন হয়েছে, সেই তথ্য জানা যায়নি।