এবার পাস ও জিপিএ-৫ উভয়ে মেয়েরা এগিয়ে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। এরমধ্যে ১০ লাখ ১৫ হাজার ৩৮৭ জন ছাত্র। আর ছাত্রীর সংখ্যা ১২ লাখ ১৫ হাজার ৪৪২ জন।
ফলে প্রকাশিত ফলাফলে ছাত্রের তুলনায় দুই লাখ ৫৫ জন ছাত্রী বেশি পাস করেছে। শতকরা হিসেবে ১ দশমিক ৩১ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে মেয়ে ৩৯ হাজার ৯০৫ জন ও ছেলে ২৮ হাজার ১৯০ জন। ফলে পাস ও জিপিএ-৫ উভয়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।
সোমবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, এ বছর ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে ১১ লাখ ৯২ হাজার ৮৫২ জন ছেলে এবং ১৪ লাখ ৬ হাজার ৩১৭ জন মেয়ে। এবার ছেলেদের তুলনায় পরীক্ষায় দুই লাখ ১৩ হাজার ৪৬৫ জন মেয়ে বেশি অংশ নিয়েছে।