২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৬

৪৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

প্রতীকী ছবি  © সংগৃহীত

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এ পরীক্ষায় একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি। এর মধ্যে জেএসসিতে ২০টি এবং জেডিসিতে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শূন্য।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

এর আগে গণভবনে শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে ফলাফলের নথি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এবার জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ, আর জেডিসিতে এ হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।  জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জেএসসিতে ৬৬ হাজার ১০৮ জন এবং জেডিসিতে ১ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৯টি বোর্ডে শতভাগ পাসের প্রতিষ্ঠান ৪ হাজার ৭৬৯টি। জেএসসি ও জেডিসিতে মোট পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী। 

উল্লেখ্য, গত ১ নভেম্বর সারাদেশে একযোগে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। পরীক্ষা চলে ১৫ নভেম্বর পর্যন্ত।