১৯ জুলাই ২০১৮, ১৩:৩২

মাদ্রাসা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী ও পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

এবারের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, আলিম পরীক্ষায় এবছর অংশগ্রহণ করে ৯৭ হাজার ৭শ’ ৯৩ জন শিক্ষার্থী। যা গত বছরের চেয়ে ৯শ’ ৯১ জন বেশি। গতবার অংশগ্রহণকারী ছিলো ৯৬ হাজার ৮শ’ ২ জন। 

আলিমে ৯৭ হাজার ৭৯৩ জন পরীক্ষার্থীর বিপরীতে পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। গতবারের চেয়ে যা বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ০২ শতাংশ।

তবে এবছর মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ কমেছে ৫৭১টি। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন। গতবার পেয়েছিলেন ১ হাজার ৮১৫ জন। 

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানে তাঁরা ফলাফলের এই অনুলিপি তুলে দেন। এরপর বেলা একটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।