০৯ জানুয়ারি ২০২১, ১৬:০৫

শাবিপ্রবির সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ করছেন অতিথিরা  © টিডিসি ফটো

আউটসোর্সিং ভিত্তিতে ও মাস্টার রোলে কর্মরত নিরাপত্তাকর্মী, মালি এবং ঝাড়ুদারদেরকে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশন।

শনিবার (৯ জানুয়ারি) দুপুুর ১২ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মো. শামীম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য বলেন, সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের এই মহতী কাজের জন্য তাদের সাধুবাদ জানাই। এই বিভাগের শিক্ষার্থীরা দেশের সব জায়গায় ভালো করছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এখানকার অ্যালামনাই এসোসিয়েশনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরো বলেন, দুই-তিন বছর পর এই বিশ্ববিদ্যালয় চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আমরা ৬ কিলোমিটার সীমানা প্রাচীরও শেষ করেছি। আশা করছি উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, সিনিয়র অধ্যাপক আ. কম মাহবুবুজ্জামান, অধ্যাপক তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক আলী ওয়াক্কাস সোহেল, অ্যালামনাই এসোসিয়েশনের সহসভাপতি মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান ভূঁইয়া মিঠু, সমাজকল্যাণ সম্পাদক মহিম উদ্দিন, প্রকাশন ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশীদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।